নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র-খুন ও ডাকাতিসহ ডজনখানেক মামলার আসামি নুরুল হুদা প্রকাশ পুইন্যা (৫০) ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব পুইঁছড়ির পাহাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে পুলিশ ২টি অস্ত্র উদ্ধার করে।
গ্রেফতার পুইন্যা উপজেলার পুইঁছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন।
তিনি বলেন, উপজেলার পুঁইছড়ির পাহাড়ি এলাকায় দুর্ধর্ষ ডাকাত পুইন্যার অবস্থান নিশ্চিত হওয়ার পর থানার বিশেষ একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাতদলের আরও দুই সদস্যসহ পুইন্যা পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া করে পুলিশ ডজন মামলার আসামি পুইন্যাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে পালিয়ে যায় তার সহযোগীরা। অভিযানের সময় পুইন্যার কাছ থেকে ২টি অস্ত্র উদ্ধার করে টিম বাঁশখালী।
ওসি জানান, তার বিরুদ্ধে ৭টি ডাকাতি মামলা এবং অস্ত্র ও খুনসহ ডজনখানেক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এস এস/