নিজস্ব প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ও বাসী খাবার বিক্রির অপরাধে ফুলকলির একটি শোরুমকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই দিনে অপর এক অভিযানে ফ্রেশ ফুড নামে অপর একটি প্রতিষ্ঠানকেও দিতে হয়েছে জরিমানা।
জানা গেছে, আজ রবিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুন্ড পৌর সদরের ফুলকলির একটি শোরুমে হানা দেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম।
এসময় মেয়াদোত্তীর্ণ ও বাসী খাবার বিক্রি করার প্রমাণ পাওয়ায় ফুলকলির এ শোরুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ঢালিপাড়া এলাকায় অভিযান চালায় একই আদালত।
এ অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে ফ্রেশ ফুড নামে অপর একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্যের গুনগত মান ও সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এস/