পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দুই মন্ত্রীকে শুভেচ্ছা–বিপাকে চবি ভিসি


১৯ জানুয়ারি, ২০২৪ ৭:০০ : অপরাহ্ণ

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তবে এ বিষয় নিয়ে বেশ বিপাকেই পড়েছেন তিনি।

উপাচার্য কয়টি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছেন এবং কোনো খাত থেকে এই ব্যয় নির্বাহ করা হবে তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

একই সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কেন মানা হয়নি তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর সই করা চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে লেখা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী-কে The Daily Star, The Daily Sun, The Business Standard, The Daily Observer, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সমকালসহ একাধিক সংবাদপত্রে চার কলাম বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে আরও লেখা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা হতে ১২ জানুয়ারি ২০২৪ তারিখে জারিকৃত নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রেরণের অনুরোধ করা হলো।

এর আগে গত শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম লিমন সই করা এক নোটিশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম. পি. এবং বর্তমান শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এম. পি, মহোদয়কে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে ফুল নিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য মাননীয় মন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে জবাব দেয়া হবে।

এসএস

0Shares

আরো সংবাদ