পটিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, থানায় মামলা


১৩ মার্চ, ২০২১ ১:৪৫ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা আবুল কালাম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। এ মামলায় ৬ জনকে এজাহারনামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে আসামিদের নামঠিকানা জানায় নি পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ছুরিকাঘাতে আবুল কালাম নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা ইতিমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছি।

উল্লেখ্য, গত ১০ মার্চ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে আবর্জনা সরানো নিয়ে ভাতিজা সৌরভের সঙ্গে চাচা আবুল কালামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা সৌরভ চাচা আবুল কালামের বুকে-পিটে ছুরিকাঘাত করে।

এ সময় তার স্ত্রী ফাতেমা বেগম বাধা দিতে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

এসএস

0Shares

আরো সংবাদ