পটিয়া উপজেলার হাঈদগাঁও গ্রামের করোনা আক্রান্ত ৬ বছরের প্রতিবন্ধি শিশুটি মারা গেছেন। আজ সোমবার ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত আশরাফুল ইসলাম (৬) পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড ওসমান পাড়ার বাসিন্দা খলিলুর রহমান (প্রকাশ) সজলের ছেলে।
এর আগে রবিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ব্রিফিং করে পটিয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্তের খবরটি জানান তিনি। এরপর থেকে পটিয়াজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎকন্ঠায় থাকে নিজ এলাকাবাসীও।
জানা যায়, গতকাল রাত ১২টার দিকে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশের একটি টিম হাঈদগাঁও ইউনিয়নের আক্রান্ত এলাকার অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।
এ বিষয়ে শিশুটির বাবা সজল সকালের-সময়কে বলেন, গত ২ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন তার শালারা। কয়েকদিন ধরে তার ছেলে বেশি অসুস্থ হয়ে পড়লে তিনি গত শনিবার দুপুর ১২টার সময় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায় তাকে।
দায়িত্বরত চিকিৎসক করোনা অনুমান করে শিশুটির থেকে স্যাম্পল সংগ্রহ করার পর রোববার সন্ধ্যার পরে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক করোনা পজেটিভ নিশ্চিত করেন এবং রাতে জেলা সিভিল সার্জন তার নিয়মিত প্রেস ব্রিফ করে তা নিশ্চিত করেন।
পটিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর চট্টগ্রাম থেকে রোববার রাত ১২টার সময় জরুরি ভিত্তিতে ১টি অ্যমবুলেন্স পাঠানো হয়। পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক এর উপস্থিতিতে থানার এস আই নুরুল আমিন, আক্কাস উদ্দিনসহ একদল পুলিশের সহায়তায় আক্রান্ত শিশুটিকে চট্টগ্রামে জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।
চট্টগ্রামে গতকাল ১২ এপ্রিল রবিবার পর্যন্ত মোট ১৪ জন করোনায় আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক। এরমধ্যে পটিয়ার শিশুটিসহ দুজনের মৃত্যু হয়।
সকালের-সময়/এমএফ