নিজস্ব প্রতিনিধি : পদ্মা সেতু নির্মাণ কাজে ব্যবহার করার আগেই চুরি যাওয়া সাড়ে ৪ হাজার কেজি লোহার গ্যালভানাইজ এঙ্গেলবারসহ ১২ জনকে আটক করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
রবিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন ডুবুরি ও ৩ জন হেলপার রয়েছে।
আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৩ টার সময় কর্ণফুলী নদীর মোহনার বদরপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
তাৎক্ষনিক আটককৃতদের পরিচয় জানাতে পারেনি। এসময় দুটি নৌকায় সাড়ে ৪ হাজার কেজি লোহার গ্যালভানাইজ এঙ্গেলবার (আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা)র উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৩ জুলাই পদ্মা সেতুর প্রায় এক হাজার ২শ মেট্রিক টন লোহার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জ যাওয়ার সময় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে একটি জাহাজের সাথে ধাক্কা লাগে।
এতে ডুবে যায় পদ্মা সেতুর মালবাহী এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজটি। পরে সাগর থেকে পর্যায়ক্রমে মালামাল উদ্ধারের কাজ শুরু করে সেতু কর্তৃপক্ষ।
উদ্ধারকৃত কিছু মালামাল নির্দিষ্ট স্থানে রেখে আসার মাঝখানের ১৫-১৬ দিন সময়ের মধ্যে অবশিষ্ট মালামাল চুরি করে নিয়ে আসে একটি চক্র। রবিবার রাতে ওই চক্রের গোপন অবস্থান জানতে পেরে অভিযান চালায় সদরঘাট থানা নৌ পুলিশের একটি টিম।
এসময় সাড়ে ৪টন চোরাই মালামালসহ ১২ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানায় সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান।
এস এস/