নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় নগরের চকবাজার ওয়ার্ড যুবলীগের সভাপতি একরাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে চকবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। মিনু আক্তার নামে এক নারীর দায়ের করা ওই মামলায় গত ১৩ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।
একরাম হোসেন পাঁচলাইশ থানাধীন টুপিওয়ালা পাড়ার মকবুল সওদাগর লেনের আওয়ামী লীগ নেতা মৃত মোশাররফ হোসেনের ছেলে। ওয়ার্ড যুবলীগের পাশাপাশি নগর যুবলীগের রাজনীতির সঙ্গেও একরাম হোসেন সম্পৃক্ত বলে জানা গেছে।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৬ এর ৯ (৪) (খ) ১০ ধারা অনুযায়ী মিনু আক্তার নামের এক নারীর করা মামলায় একরাম হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা মূলেই তাকে গ্রেফতার করা হয়েছে।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আদালতের একটি পরোয়ানা মূলে একরাম হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
সকালের-সময়/এমএফ