নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার ডিটি রোড সংলগ্ন এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২২ জন মালিকের ৩৩টি কাঁচা বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ওই বস্তির ৩৩ পরিবার। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি জানারেও আগুন লাগার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল জলিল মাস্টার নামে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে বলে জানা গেছে।
মৃত আব্দুল জলিরের নাতি মো ফরিদ বলেন, বস্তিতে আগুন লাগার খবর শুনে নানা স্ট্রোক করেন। ডাক্তারের কাছে নেওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেন সদরঘাট থানার ওসি সাখাওয়াত হোসেন। এদিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক ফারুক হোসেন শিকদার।
তিনি বলেন, ভোররাত ৪টা ২০ মিনিটে আগ্রাবাদ ডিটি রোডের বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পরপরই বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
তিনি জানান, এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।
এস এস/