দ্বিতীয় দফায় চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও ত্যাগের ক্ষেত্রে সিএমপির নিষেধাজ্ঞা


১৭ মে, ২০২০ ৫:৪৬ : অপরাহ্ণ

দ্বিতীয় দফায় চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও ত্যাগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (১৭ মে) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে।

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সিএমপির পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে জরুরি সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এ নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

সিএমপি সূত্র জানায়, কোন ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত যাতে নগর ত্যাগ বা প্রবেশ করতে যাতে না পারে তাই এ ব্যবস্থা। রোববার (১৭ মে) সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যারা এ নিদের্শনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক সকালের-সময়কে বলেন, সিএমপি কমিশনার মাহবুবুর রহমান স্যারের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।

তিনি আরো বলেন, এর আগেও গত মাসে এমন একটি নিয়ন্ত্রণ আরোপের ব্যবস্থা নেয়া হয়। পরে তা ঢিলাঢালা হলে সবকিছু নড়চড় হয়ে যায়। যার কারণে ফের নগরীতে প্রবেশ ও নগর থেকে বাহিরের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে এ আদেশ মানা নগরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

0Shares

আরো সংবাদ