পোষাক ভাতায় নয়ছয়, ডাঃ চিন্ময় ও স্টেনো টাইপিস্ট সোহেলের বিরুদ্ধে তদন্ত শুরু


১৩ আগস্ট, ২০২১ ১:৪৩ : পূর্বাহ্ণ

সম্প্রতি গত ২৯ শে জুন থেকে শুরু হওয়া পূর্বাঞ্চল রেলের মেডিকেল শাখার চতুর্থ শ্রেণির ২২৩ কর্মচারীর বার্ষিক পোশাক সরবরাহের বরাদ্দের টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠা মূল ষড়যন্ত্রকারী স্টেনো টাইপিস্ট সোহেল ও ডাঃ চিন্ময় বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। কর্মচারীদের আন্দোলন ও অভিযোগের প্রেক্ষিতে জিএম জাহাঙ্গীর হোসেন এই তদন্ত কমিটি গঠন করেছেন।

কর্মচারীদের অভিযোগ, পোশাকের সমমূল্য টাকা না দিয়ে তার অর্ধেকেরও কম টাকা গ্রহণের জন্য তাদেরকে জোর করা হয়েছিল। এমন পরিস্থিতিতে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে বিক্ষোভ করে আসছেন ভুক্তভোগী কর্মচারীরা।

জানা যায়, স্টেনো টাইপিষ্ট সোহেল ও ডাঃ চিন্ময় বিশ্বাসের যোগসাজশে জনপ্রশাসন মন্ত্রণালয় ধার্যকৃত মূল্যের তোয়াক্কা না করে নিজেদের পকেট ভারি করার জন্য অধিক দামে স্টাফদের পোশাক কটেশন তৈরি করে এবং পোশাক প্রাপ্তির আগেই ঠিকাদারকে বিলের টাকা পাইতে সহযোগিতা করেন দুই প্রতারক সোহেল ও ডাক্তার চিন্ময় বিশ্বাস।

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে হাসপাতালের একাধিক কর্মচারী অভিযোগ করে বলেন, দুই দফায় ১৪ লাখ টাকা ব্যয়ে পূর্বাঞ্চল রেলের মেডিকেল শাখার চতুর্থ শ্রেণির ২২৩ কর্মচারীর পোশাক সরবরাহের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোরশেদ ফ্যাশন। তখন এই প্রতিষ্ঠানটি পোশাক সরবরাহ না করেই ডা. চিন্ময় বিশ্বাস ও স্টেনো টাইপিস্ট মো. সোহেলের সঙ্গে আঁতাত করে বিল তুলে নিয়েছে।

সূত্র জানায়, ডাঃ চিন্ময় বিশ্বাস কর্মচারীদেরকে জুন মাসের ৮ তারিখ থেকে পোশাকের মাপ দেওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন দপ্তরে ৩০শে জুন উনার স্বাক্ষরিত চিঠি প্রেরণ করে। কিন্তু এর আগে ঠিকাদার টাকা উত্তোলন করে নিয়ে যায় চলিত বছরের ২৬ শে জুনে।

এর পর পোশাক প্রাপ্ত কর্মচারীদের আন্দোলন ও পরবর্তীতে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে কর্মীদের সচেতনতা দেখে ঠিকাদার, স্টেনো সোহেল ও ডাক্তার চিন্ময় বিশ্বাস তাড়াহুড়ো করে হকার মার্কেট থেকে রেডিমেড কিছু কাপড় এনে কর্মচারীদের বুঝ দেয়ার পায়তারা করে।

এতে আন্দোলনকারী কর্মচারীরা বিষয়টি বুঝতে পেরে আবারো ক্ষেপে উঠেন এবং পরবর্তীতে এই বিষয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন (জিএম) এর কাছে ভুক্তভোগী কর্মচারীরা জানতে চাইলে তিনি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা বলেন। এবং দোষীদের তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের আশ্বাস দেন।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহবায়ক করা হয় পূর্বাঞ্চল রেলের বাণিজ্যিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমানকে। এবং সদস্য করা হয় ডেপুটি সিও পিএস পূর্ব মোঃ জাকির হোসেন ও মোঃ শাকের আহমেদ ডিইই পাহাড়তলীকে।

সরেজমিন রেলওয়ে হাসপাতালে গিয়ে জানা যায়, এখন পর্যন্ত কর্মচারীদের কোনো পোশাক সরবরাহ করা হয়নি। এমনকি তাদের যথাযথ প্রাপ্য টাকাও দেওয়া হয়নি। স্টেনো টাইপিস্ট মো. সোহেল কর্মচারীদের ডেকে ডেকে জনপ্রতি সাড়ে ৩ হাজার টাকা করে দিতে জোর করছেন। কিন্তু কর্মচারীরা তাদের প্রাপ্য পোশাক অথবা তার সমমূল্য পরিমাণ টাকা চেয়ে আন্দোলন করছেন।

স্টেনো টাইপিস্ট মো: সোহেল ঠিকাদার প্রতিষ্ঠানের হয়ে কীভাবে চতুর্থ শ্রেণির কর্মচারীদের পোশাকের পরিবর্তে তার সমমূল্যের অর্ধেক টাকা গ্রহণের জন্য চাপাচাপি করছেন তা নিয়ে সিআরবিতে চলছে নানা আলোচনা সমালোচনা। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে (ডিএমও) ডা. চিন্ময় বিশ্বাস ও স্টেনোগ্রাফার মো. সোহেল কর্মচারীদের পোশাক সরবরাহের কাজে অনিয়ম-দুর্নীতি করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ বিষয়ে একাধিক কর্মচারী সকালের-সময়কে বলেন, জিএম (পূর্ব) গঠনকৃত তদন্ত কমিটির উপর আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আশা করি চতুর্থ শ্রেণীর অসহায় কর্মচারীরা সঠিক বিচারের মাধ্যমে এবার থেকে রেলওয়ে হাসপাতালের ভাবমূর্তি নষ্টকারী ডাক্তার চিন্ময় বিশ্বাস ও স্টেনো সোহেলের হাত থেকে রেহাই পাবে এবং কর্মচারীরা নানা ধরনের অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষা পাবেন।

আরো জানা যায়, স্টেনো টাইপিস্ট সোহেল এর বিরুদ্ধে নব নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ফিট সার্টিফিকেট দিবে বলে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নেয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এবং প্রাক্তন (ডিএমও পূর্ব) ডাক্তার ফাতেমা আক্তারের সাথে বারবার অসদাচরণ কারণে সোহেলের বিরুদ্ধে তিনি সাবেক সিএমও ডাঃ ইমতিয়াজ বাবুলকে লিখিত অভিযোগ করেন। এরপর ডাঃ ইমতিয়াজ বাবুল সোহেলকে অন্যত্র বদলির সুপারিশ করলেও কোনো এক অজানা শক্তির কারণে কুখ্যাত এই প্রতারক সোহেল থেকে যায় একই কর্মস্থলে।

পোশাক ভাতায় নয়ছয়ের ব্যাপারে জানার জন্য সোহেল ও ডা: ডাঃ চিন্ময় বিশ্বাসের মুঠোফোনে একাধিক বার কল দেয়া হলেও তারা কল রিসিভ করেনি।

তবে— ভূক্তভোগী রেলওয়ে হাসপাতালের কর্মচারীরা সঠিক তদন্তের মাধ্যমে স্টেনো টাইপিষ্ট সোহেল ও ডাঃ চিন্ময় বিশ্বাসকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ