চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী বংশালপাড়া এলাকার একটি বাড়িতে ‘দেশিয় অস্ত্র তৈরির কারখানার’ সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে ওই কারখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পাঠানটুলী রোডের বংশালপাড়া এলাকায় ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছি।
তিনি আরও বলেন, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে জানতে পারবো তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
এসএস