নিজস্ব প্রতিনিধি : নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটো রিকশাকে পেছন থেকে ঠেলে দিয়ে ডেমু ট্রেনের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনার নায়ক সে বাস চালককে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বুধবার (৮ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের মিরসরাই থানাধীন শায়েরখালি বেরিবাঁধ সমুদ্র উপকুলে অভিযান চালিয়ে পলাতক এ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যা।
গ্রেফতার বাস চালকের নাম মো. শহিদুল আলম (৪৮)। সে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম খইয়াছড়া এলাকার বাসিন্দা মৃত ওবাইদুল হকের ছেলে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট ল্যাফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি বলেন, গ্রেফতার শহীদুল নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেলগেটে ডেমু ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো।
বুধবার রাতে প্রযুক্তির ব্যবহারে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দুর্ঘটনার সত্যতা স্বীকার করে নেন।
এর আগে গত ৪ ডিসেম্বর খুলশী রেল গেইট এলাকায় বেপরোয়া ও দ্রুত গতি সম্পন্ন বাসের ধাক্কায় সিএনজি ও ডেমো ট্রেনের সংঘর্ষে ক্রসিংয়ে দায়িত্বরত এক ট্রাফিক কনস্টেবলসহ তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও সাতজন।
এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। ঘটনা তদন্তে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বাসচালককে আসামি করে শনিবার (৪ ডিসেম্বর) রাতে রেলওয়ে পুলিশের ষোলশহর ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং এইচএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় স্কুল ও কলেজ শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করে।
ফলে পুলিশের পাশাপাশি র্যাব-৭ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। বুধবার রাতে সে বাস চালক শদীদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগে রবিবার (৫ ডিসেম্বর) রেলগেটে দুর্ঘটনার সময় রেলগেটে দায়িত্বপালন করা গেটম্যান মো. আশরাফুল আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ।
এস এস/