চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো চারজন। সঙ্কটাপন্ন অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার খলিলুর রহমানের ছেলে মুফিজুর রহমান (৭০), কালাম হোসেনের স্ত্রী জয়নাব বেগম (২৮) ও বুলবুল আক্তার (২৫)। আহতরা হলেন মোহাম্মদ সাইফুদ্দিন (২৫), নেজাম উদ্দিন (২০), চকরিয়ার সামসুল আলমের ছেলে হেলপার মোহাম্মদ মুন্না (২৫)।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দীন তালুকদার সকালের-সময়কে বলেন, ঘটনাস্থল থেকে দু’টি লাশ উদ্ধার করে চমেকে আনা হয়েছে। এ ছাড়া বুলবুল আক্তার নামে এক নারীকে আহতাবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার থানার ওসি দুলাল মাহমুদ সকালের-সময়কে বলেন, অ্যাম্বুলেন্সটিতে করে রোগী নেয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।