চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে প্রাণ গেল দম্পতির


১৪ নভেম্বর, ২০২১ ১২:০৮ : অপরাহ্ণ
মোটরসাইকেল, ছিটকে, ট্রাকের নিচে,দম্পতি

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া মুহুরীগঞ্জের হাইওয়ে রাস্তামাথা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্বামীর নাম নুর উদ্দিন ও স্ত্রী আকলিমা আক্তার (৩০)। নিহতদের বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দ পুর গ্রামে। নুর উদ্দিন আবুল কাশেম সওদাগরের ছেলে। দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান।

পুলিশ জানান, বারইয়ারহাট থেকে ফেনীর দিকে আসার সময় চলন্ত মোটরসাইকেলে আরোহী আকলিমা আক্তারের (৩০) ওড়না হঠাৎ চাকায় পেঁচিয়ে যায়।

একপর্যায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-০৮৪৫) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার ও তার স্বামী নূর উদ্দিন নিহত হয়।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেলের চাকায় ওড়না পেচিয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাক চাপায় দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তাছাড়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তরুণ এ দম্পতির মৃত্যুর খবর পেয়ে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

এস এস/

0Shares

আরো সংবাদ