চট্টগ্রামে গত ১ দিনে আরও ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ বছর বয়সী এক গাইনী বিশেষজ্ঞ ও ২৭ বছর বয়সী এক নারী চিকিৎসক রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে ১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে ৬১ জনের তালিকা প্রকাশ করা হয়। করোনা আক্রান্ত ওই দুই চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয় চমেক হাসপাতালের ল্যাবে।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চমেক হাসপাতালের এক গাইনী বিশেষজ্ঞ ও চকবাজার এলাকায় ২৭ বছর বয়সী এক নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে এ পর্যন্ত চট্টগ্রামের ১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। এদিকে ৬১ জনের মধ্যে এ দুই নারী চিকিৎসক ছাড়াও তিন পুলিশ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন বলে সকালের-সময়কে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৯ জন, সিভাসুতে ৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬ জনসহ চট্টগ্রাম জেলার মোট ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪২৪টি। এর মধ্যে ২৫৭টি বিআইটিআইডিতে, ৭১টি সিভাসুতে, ৬৬টি চমেকে এবং ৩০টি কক্সবাজার মেডিক্যালে করানো হয়। আজকের ৬১ জন সহ চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭৩ জনে দাঁড়ালো।
সকালের-সময়/এমএফ