চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত করায় অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার


১০ এপ্রিল, ২০২০ ৮:৪৫ : অপরাহ্ণ

দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন রকিকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকায় সাংবাদিক রকিকে এলোপাথাড়ি লাঠি দিয়ে পিটানোর ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক নাসির উদ্দিন রকি সকালের-সময়কে বলেন, আমার ছোট ভাই স্বাস্থ্যকর্মীকে নিয়ে আমরা মোটরসাইকেল করে চট্টগ্রাম শহরের নিজ নিজ কর্মস্থলে আসছিলাম, সে এপিক হেলথ কেয়ারে চাকরি করে। আমি আসকারদিঘী আমার যুগান্তরের ব্যুরো অফিসে আসছিলাম।

আমি ও আমার ভাইয়ের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল। পথে কুয়াইশ এলাকায় পৌঁছালে কনস্টেবল জাহাঙ্গীর অতর্কিতভাবে আমার উপর লাঠিচার্জ করে। এ সময় এগিয়ে এসে কনস্টেবল জাহাঙ্গীরকে নিবৃত্ত করেন একজন এএসআই।

তিনি আরও বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি সংবাদপত্র ছুটির আওতামুক্ত থাকার বিষয়টি জানানোর পরও কনস্টেবল জাহাঙ্গীর লাঠিচার্জ করে। বিষয়টি আমি চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী থানার ওসিকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, সাংবাদিককে লাঞ্ছিত করার প্রাথমিক সত্যতা পাওয়ায় কনস্টেবল জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ