নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত অনেক কমেছে। জেলায় নতুন করে ৩ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।
আগের দিন চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৩শ ৫০ জন।
মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৫০ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ জনের করোনা শনাক্ত হয়। এদিন জেলার ১৩টি উপজেলা ছিল রোগীশূন্য। লোহাগাড়া উপজেলায় ১ জনের পজেটিভ রিপোর্ট আসে।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে জেলার কোথাও নতুন করে কোন রোগীর মৃত্যু হয়নি।
চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩০ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ সাতজন।
রবিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে মোট এক হাজার ৩শ ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ২১ শতাংশ। আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১৩৭৫ জনের।
আক্রান্ত ৩ জনের মধ্যে দুজন শেভরণ ল্যাবে এবং অন্যজন আর টি আর এল ল্যাবে পজেটিভ রিপোর্ট ধরা পড়ে।
এস এস/