নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্সের সংখ্যা আগের দিনের তুলনায় চার গুন বেড়েছে। আগের দিন ৪ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিললেও ২৪ ঘন্টায় বেড়ে ১৪ জন শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে ৮ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এদিন চট্টগ্রামের ১০ টি উপজেলা ছিল রোগী শূণ্য থাকলেও আনোয়ারা উপজেলায় ৩ জন এবং পটিয়া, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ড উপজেলায় একজন করে করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৫শ ১২ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার একশ ৭৭ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ ৩৫ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।
জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩২ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ৯ জন।
সোমবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬শ ৬০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।
গত ২৪ ঘন্টায় শতকরা পজেটিভ হার শূন্য দশমিক ৮৪ শতাংশ। এদিন ফৌজদারহাট বিআইটআইডি ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়। তাছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে দুজন এবং শেভরন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এস এস/