নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
নতুন করে ৩ জনের শরীরে করোনা পাওয়া গেছে। এরমধ্যে নগরীতে ২ জন ও বাঁশখালী উপজেলায় একজনের শরীরে করোনা পজেটিভ আসে।
আগের দিন চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৩শ ৮৬ জন।
মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৮০ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ ৮ জনের করোনা শনাক্ত হয়। এদিন জেলার ১৩টি উপজেলা ছিল রোগীশূন্য।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩১ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ আটজন।
রবিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে মোট এক হাজার ৩শ ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১৩৮০ জনের।
গত ২৪ ঘন্টায় শতকরা পজেটিভ হার শূন্য দশমিক ২১ শতাংশ। বি আই টি আইডি ল্যাবে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন ও আর টি আর এল ল্যাবে ১ জনের করোনা শনাক্ত হয়।
এস এস/