পাওনা টাকা চাওয়ায় বন্ধুদের নিয়ে ব্যাংকার আলী এরশাদকে পিটিয়ে জখম করেছে রাঈদ আহমদ কোরাইশী ও সোলাইমান আলম শেঠের ছেলে ওজার শেঠসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন যুবক। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী টাউনে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রধান আসামি রাঈদকে গতকাল রাতে খুলশী থানা পুলিশ নগরীর ওয়াসা মোড় থেকে গ্রেপ্তার করে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান।
তিনি জানান, আলী এরশাদের (৩৯) মাধ্যমে তার ঢাকার এক বন্ধু এবং তার কাছ থেকে বিভিন্ন সময়ে ১৪ লাক টাকা ধার করে গ্রেপ্তারকৃত রাঈদ আহমদ কোরাইশী। পরে এই টাকা ফেরত চাইলে ঘোরাঘুরির এক পযার্য়ে খুলশী টাউন সেন্টারে গিয়ে রাত ৮টার সময় আলী এরশাদের ওপর হামলা চালায়। এসময় রডের আঘাতে আলী এরশাদের বাম চোখ তেতলে যায়।
এ বিষয়ে আহতের বড় ভাই আলী ইমাম জানান, এরশাদ এখন পাহাড়তলী চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এ বিষয়ে গতকাল থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আসামি রাঈদ আহমদ কোরাইশীকে ওয়াসার মোড় থেকে আটক করে পুলিশ।
আহতের বড় ভাই আলী ইমাম আরো জানান, টাকা ফেরত চাইলে রাঈদ আহমদ কোরাইশী তার বন্ধু সোলাইমান শেঠের ছেলে ওজার শেঠসহ আরো দু’জন মুখে রুমাল বেঁধে তার ভাইয়ের (আলী এরশাদ) উপর হামলা চালায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
এসএস