কিশোর গ্যাংরাই ধর্ষণ-অপকর্ম করে দেশে অস্থিরতা সৃষ্টি করছে: তথ্যমন্ত্রী


৯ অক্টোবর, ২০২০ ১১:৪৩ : অপরাহ্ণ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা মহামারীর কারণে দেশের মানুষ কিছুটা স্থবির হয়ে পড়েছে। এ স্থবিরতা কাটানোর জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা না থাকলে দেশে অন্যায়-অপকর্ম বেশি দেখা দেবে। মানুষ খেলাধুলা ও নানান বিনোদনের সাথে জড়িত থাকলে মনভালো থাকে। অন্যায় কাজে মনোনিবেশ করতে পারে না।

তিনি বলেন, করোনার ভয়ে ঘরে বসে থাকলে চলবে না। স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে সব ধরনের কাজ করতে হবে। খেলাধুলা করতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে যেতে হবে। তাহলে পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং তৈরি হবে না। কিশোর গ্যাংরাই ধর্ষণ-অপকর্ম করে দেশে অস্থিরতা সৃষ্টি করছে।

তথ্যমন্ত্রী শুক্রবার (৯ অষ্টোবর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত ‘ মুজিব শতবর্ষ ফুটবল টুর্ণামেন্ট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় সিজেকেএস’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু হাসান সিদ্দিক, সিজিকেএস এর সহ-সভাপতি আলী আব্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতেই ছাত্রজীবনের বিভিন্ন ক্রীড়া সংস্থার সাথে যোগাযোগ ও খেলাধুলার স্মৃতিচারণ করে তিনি বলেন, জাতির জনকও তাঁর ছাত্রজীবনে খেলাধুলা বেশি পছন্দ করতেন। খেলাধুলায় বঙ্গবন্ধু সবসময় নেতৃত্ব দিতেন। নিজেও ভালো খেলতে পারতেন । সেই স্মৃতিকে ধারণ করেই মুজিববর্ষে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

ড. হাছান মাহমুদ আরো বলেন, তরুন প্রজন্মকে বর্তমানে মাঠে দেখা যায় না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি হয়ে মাঠের খেলাধুলা ভুলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুক্ত করে আনার জন্যও খেলাধুলার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, মাঠের স্বল্পতায় খেলাধুলা হবে না, এমন যেন না হয়। তাই এম এ আজিজ স্টেডিয়ামের মত আরো স্টেডিয়াম তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। এসময় সিজিকেএস এর প্রয়াত মেম্বারদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের হাতে ক্রেষ্ট উপহার দেন তথ্যমন্ত্রী।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ