চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে আওয়ামী লীগের বিদ্রোহী কমিশনার প্রার্থী মোরশেদের বাড়ীর সামনে প্রতিপক্ষের হামলায় তানভির (৪০) নামের তার এক সমর্থক নিহত হয়েছেন বলে জানা যায়৷ তিনি যুবলীগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে সকালের-সময়কে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান।
তিনি সকালের-সময়কে বলেন, সেখানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় তানভীর নামের একজন ছুরিকাহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক সকালের-সময়কে বলেন, ছুরিকাহত হয়ে তানভীর (৪০) নামের একজনকে হাসপাতালে আনার পর ডাক্তাররা ওটিতে নিয়ে গিয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রসঙ্গত, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে এবার বর্তমান কাউন্সিলর নগর আওয়ামী লীগের সদস্য মোরশেদ আকতার চৌধুরীর জায়গায় মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল।
সকালের-সময় ডট কম