কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতার ২ কোটি টাকা মানহানি মামলা


৯ ডিসেম্বর, ২০১৯ ১০:২৭ : অপরাহ্ণ

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার কথিত মুক্তিযোদ্ধা পেয়ার মোহাম্মদ (৫৮) ও মো. রেজাউল করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মো. সোলায়মান তালুকদার। রোববার ( ১ ডিসেম্বর) দুপুরে ঢাকার বিজ্ঞ সি,এম,এম আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্ট “ল” রিপোটার্স ফোরাম কার্যালয়ে মামলায় অভিযুক্তরা সংবাদ সম্মেলন করেন। পরের দিন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক নয়া দিগন্ত, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক সংবাদ পত্রিকায় ধারাবাহিক শিরোনাম ‘বসতভিটা ফিরে পেতে চান চট্টগ্রামের মুক্তিযোদ্ধা পেয়ার মোহাম্মদ’ ও বসত ভিটা ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ সম্মেলন করা ব্যক্তিদের বরাত দিয়ে তাতে বলা হয়, উপজেলা যুবলীগের সভাপতি মো.সোলায়মান তালুকদার তার ক্যাডারবাহিনী দিয়ে বসত বাড়ি ভেঙে ১০ বিঘা সম্পত্তি দখল করে নিয়েছে। এমনকি দলের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন।

এসব কিছু অস্বীকার করে যুবলীগের সভাপতি তার মামলায় উল্লেখ্য করেন, তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ি। তার বিরুদ্ধে তোলা আসামিদের প্রকাশিত অভিযোগের কোনো ভিত্তি নেই। বরং সনদধারী মুক্তিযোদ্ধা না হয়েও পেয়ার মোহাম্মদ অবৈধ সুযোগ ভোগের জন্য মুক্তিযোদ্ধা দাবি করে এবং অপর আসামি রেজাউল করিম বিভিন্ন মিথ্যা সংবাদ প্রকাশ করে লোকজনের কাছ থেকে চাঁদা দাবি করছেন।

এতে মো. সোলায়মান তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও উল্লেখিত জাতীয় দৈনিকে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন পদ পদবি ও ব্যবসার ব্যাপক ক্ষতি সাধন করে পরিবারের সম্মান ক্ষুন্ন করেছেন। এতে তিনি রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ২ (দুই) কোটি টাকা।

এ ব্যাপারে জাতীয় দৈনিক নয়া দিগন্ত, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক সংবার পত্রিকার সম্পাদকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ প্রসঙ্গে মামলার বাদি মো. সোলায়মান তালুকদার (৪৫) বলেন, ‘চলমান শুদ্ধি অভিযানে আমাকে ও আমার রাজনৈতিক ক্যারিয়ারকে বিব্রত করতে একটি স্বার্থন্বেষী মহল ও অভিযুক্তরা মিলে আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ সম্মেলন ও খবর প্রকাশ করেছে। এতে আমার প্রচুর মান সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি আসামিদের বিরুদ্ধে ন্যায় বিচারের স্বার্থে আদালতে মানহানি মামলা করেছি।

অপরদিকে মানহানি মামলার বিষয়টি অবগত করে জানতে চাইলে অভিযুক্ত পেয়ার মোহাম্মদ (৫৮) বলেন, ‘জায়গাটি নিয়ে রোয়েদাদ ও মামলা রয়েছে। সোলায়মান তালুকদার কোনো ক্রেতা বা বিক্রেতা নয় তা সত্য কিন্তু তার আশ্রয় প্রশ্রয়ে আমাদের জমি বেদখল হয়েছে বলে মনেকরি।

তিনি আরো জানান, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেও অক্ষর জ্ঞান না থাকার কারণে পরবর্তীতে তিনি নিবন্ধন নিতে পারেননি। বাদিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আশরাফ উদ্দিন আহমেদ জানান, পেয়ার মোহাম্মদসহ ১ জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটিকে আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের আদেশ প্রদান করেছেন।

0Shares

আরো সংবাদ