করোনা পজিটিভ শুনে স্ত্রীকে হাসপাতালে রেখেই পালিয়ে গেল স্বামী


৮ জুলাই, ২০২১ ৭:৪০ : অপরাহ্ণ

আসমা আক্তার (৩৮) নামে করোনা পজিটিভ এক নারীকে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । স্ত্রীকে হাসপাতালে রেখেই স্বামী মোজাম্মেল চলে যান। রাতে রোগীর অবস্থার অবনতি হলেও তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।

বুধবার রাত ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসমার। এরপর থেকে তার লাশ পড়ে থাকে হাসপাতালে। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ লাশটি বেওয়ারিশ হিসেবে দাফনের উদ্যোগ নেয়।

আসমা আক্তারের বাড়ি ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকে বেশ কয়েকবার হাসপাতালের রেজিস্ট্রারে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পরে হাসপাতালের চিকিৎসকসহ দায়িত্বরতরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চেষ্টা করেও আসমার কোনো স্বজনের খোঁজ পাননি। এ অবস্থায় আসমার লাশ পুলিশ বেওয়ারিশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের একটি সংগঠনের কাছে হস্তান্তর করে।

ওই সংগঠনের স্বেচ্ছাসেবী শরীফুল ইসলাম জানান, ডেথ সার্টিফিকেটসহ লাশ আমাদের বুঝিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা চমেক হাসপাতালের মসজিদে লাশের গোসল করিয়ে জানাজা শেষে নগরীর সিটি করপোরেশনের আরেফিন নগর কবরস্থানে দাফন করব।

এসএস

0Shares

আরো সংবাদ