চট্টগ্রাম নগরীতে বিভিন্ন এলাকায় ফিল্মি স্টাইলে ডাকাতি করে বেড়ায় এমন একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে চক্রটির বিরুদ্ধে বিশেষ একটি অভিযান পরিচালনা করা হয়, এর পর ৬ ডাকাতকে কর্ণফুলী ও ওয়াসা মোড় থেকে গ্রেফতার করা হয়।
এরা হলেন, কুমিল্লার মো. কামাল হোসেন (৩০), পাঁচলাইশের মোক্তার হোসেন (২২) চাঁন্দগাওয়ের সাদ্দাম (২৬) ফটিকছড়ির শের আলী (৩২) আনোয়ারার মাসুদুর রহমান (৪০) ও সীতাকুণ্ডের মো. এরশাদ (৩৩)।
এ বিষয়ে শনিবার (২৭ জুন) নগরীর মোমিন রোডের সিএমপির দক্ষিণ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৬ ডাকাতের ব্যাপারে বিস্তারিত জানান দক্ষিণ জোনের ডিসি মেহেদী হাসান।
পুলিশ জানায়, গত ১৬ জুন কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে এই চক্রটি জোরপূর্বক ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মুলত এ ঘটনাই করা মামলার তদম্তে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ।
এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, ৩ টি টিপ ছোরা, দুটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা।
ডিসি মেহেদী হাসান আরও বলেন, বিভিন্নি ব্যাংক প্রতিষ্ঠানের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করে এরা, সুবিধামত ব্যক্তিদের টার্গেট করে পিছু নেয় চক্রটি। এ কাজে তাদের নির্দিষ্ট একজন সোর্স থাকে। সোর্সের কাজ হলো ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে এমন ব্যক্তিকে অনুসরণ করা এবং তাদের তথ্য সরবরাহ করা।
এরপর অন্যরা সোর্সকে অনুসরণ করে ঘটনাস্থলে অবস্থান নেন। একপর্যায়ে টার্গেটকৃত ব্যক্তিকে অস্ত্র ও মেরে ফেলার ভয় দেখিয়ে তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি।
সকালের-সময়/এমএফ