নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় তৈয়বুল আলম ট্রেডার্স নামে একটি জুটের গুদাম থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে আগুন লাগার তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মো. আনিসুর রহমান।
তিনি জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, ঝুটের গুদাম হওয়ায় এবং ভবন কর্তৃপক্ষের আগুন নির্বাপনে কোন ধরনের ব্যবস্থা না রাখায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। অনেক দুর থেকে পানি এনে আগুন নেভাতে হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি এ কর্মকর্তা। তিনি বলেন, ডাম্পিং শেষ করতে কিছুটা সময় লাগবে।তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ গণমাধ্যমে জানানো হবে।
শীতে ব্যবসার উদ্দ্যেশে গোডাউনে প্রায় ৫ কোটি টাকার পোশাক মজুদ রেখেছিলেন বলে জানায় ক্ষতিগ্রস্থ তৈয়বুল আলম ট্রেডার্স নামে একটি গোডাউনের মালিক মো. ইসমাইল। দিনি বলেন, দারোয়ানের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার সব শেষ।
এস এস/