নিজস্ব প্রতিনিধি : আজ থেকে করোনাভাইরাসের ফাইজারের টিকা পাচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির কারাবন্দীদের টিকা দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আজ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।
প্রথমদিন ৮শ বন্দীকে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম কারাগারে থাকা ৭ হাজার ৮৭৫ জন বন্দীকে টিকা দেওয়া হবে। বন্দীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কারাবন্দীদেরকে বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার জন্য তাদেরকে নিবন্ধন করতে হয়নি। তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও যাদের এনআইডি আছে তার নম্বর রেখে টিকা দেওয়া হচ্ছে।
এছাড়া তাদেরকে একটি কার্ড দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। যদি কেউ এক ডোজ টিকা নিয়ে জামিনে বের হয়ে যায়, বাইরে যাতে কার্ডটি দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারে। আমরা চাই যেকোনো প্রক্রিয়ায় সবাইকে টিকার আওতায় আসতে।
এস এস/