খেলাধুলা ডেস্ক : কাদিসে ফের ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লিগে টানা ৭ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের পর পয়েন্ট হারাল রিয়াল। আগের সফরেই রিয়ালের মাঠে জিতেছিল কাদিস।
এবার তারা সান্তিয়াগো বার্নাব্যুতে রক্ষণাত্মক খেলে আটকে দিয়েছে লা লিগার অন্যতম সফল ক্লাবটিকে। ৩৬টি শট নিয়েও একবার গোলমুখ খুলতে পারেনি কার্লো আনচেলত্তির দল। রবিবার রাতে গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি।
ম্যাচে ৮২ শতাংশ সময় বল তাদেরই দখলে ছিল। তবে এলোমেলো ফুটবল খেলার মাশুল দিতে হয়েছে রিয়ালকে। ৩৬ শটের মধ্যে মাত্র ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৪ শটে একটিও লক্ষ্যে রাখতে না পারা কাদিস মাঠ ছেড়েছে জয়সম ড্র নিয়ে।
এ ড্রয়ের পরও অবশ্য লিগে শীর্ষেই আছে রিয়াল। ১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সেভিয়া ৩৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস। চার নম্বরে রায়ো ভাইয়েকানোর পয়েন্ট ৩০। ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে রিয়াল সোসিয়েদাদের পয়েন্টও ২৯। আর ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।
এস এস/