স্মিথ আবারো অস্ট্রেলিয়ার অধিনায়ক!


১৬ ডিসেম্বর, ২০২১ ৫:৩১ : অপরাহ্ণ
স্মিথ,অস্ট্রেলিয়া, অধিনায়ক

খেলাধুলা ডেস্ক : অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রায় সাড়ে তিন বছর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কত্ব হারিয়েছিলেন স্টিভেন স্মিথ। দীর্ঘ সময় নাটকীয়ভাবেই হারানো সে দায়িত্ব আবারো ফিরে পেলেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

দলের নেতৃত্বদানের প্রক্রিয়ায় রাখার জন্যই মূলত অ্যাশেজ সিরিজ শুরুর আগে সহ-অধিনায়ক করা হয়েছিল স্মিথকে।

তখনই পরিকল্পনা ছিল অধিনায়ক প্যাট কামিনসের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন তিনি। আর সেই সুযোগ চলে এলো সিরিজের দ্বিতীয় ম্যাচেই।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। করোনা আক্রান্ত রোগীর কাছাকাছি সংস্পর্শে যাওয়ায় এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিনস।

ফলে অ্যাডিলেইডে দিবারাত্রির ম্যাচটিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন স্মিথ। সবশেষ ২০১৮ সালের মার্চে অসিদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
ম্যাচের আগেরদিন অর্থাৎ বুধবারই একাদশ ঘোষণা করে দিয়েছিলেন কামিনস।

যেখানে তার নেতৃত্বে প্রথম ম্যাচের একাদশে ছিল মাত্র একটি পরিবর্তন। ইনজুরিতে পড়া জশ হ্যাজলউডের জায়গায় নেওয়া হয়েছিল ঝাই রিচার্ডসনকে। এবার কামিনসও ছিটকে যাওয়ায় অভিষেক হতে চলেছে আরেক পেসার মাইকেল নেসারের।

অন্যদিকে স্মিথ সহ-অধিনায়ক থেকে অধিনায়ক হয়ে যাওয়ায় তার ডেপুটি হিসেবে অ্যাডিলেইডে দায়িত্ব পালন করবেন বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

এস এস/

0Shares

আরো সংবাদ