খেলাধুলা ডেস্ক : চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। কাগিসো রাবাদা ও অ্যানরিখ নরকিয়ার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে মাত্র ৮৪ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের দেয়া ৮৫ রানের সহজ লক্ষ্য চৌদ্দতম ওভারে টপকে ৬ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকা জয় নিশ্চিত করেন।
সেইসঙ্গে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সেমির পথেও খানিকটা এগিয়ে গেল টেম্বা বাভুমার দল। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবার আগেই আনুষ্ঠানিক বিদায় নিল বাংলাদেশ।
আবুধাবীতে মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া এই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায় টস হারা বাংলাদেশ।
প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান সংগ্রহ করে টাইগাররা। ইনিংসের চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন ৯ রান করা নাইম শেখ। পরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন সৌম্য সরকার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কুপ মারতে গিয়ে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। যা নিয়ে সমালোচনায় পড়তে হয়েছিল তাঁকে। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও।
রাবাদার বলে এজ হয়ে আউট হয়েছেন তিনি। দুর্দান্ত এক ক্যাচে কোনো রান না করা মুশফিককে ফেরান রেজা হেনড্রিকস।
পাঁচে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। পেসার নরকিয়ার বলে ক্যাচ আউট হয়েছেন তিনি। এদিন ৯ বলে মাত্র ৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।
ব্যাটিংয়ে এসে প্রথম বলেই বোল্ড হয়েছেন আফিফ হোসেন। ডোয়াইন প্রিটোরিয়াসের দারুণ এক ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে খানিকটা আশার আলো দেখিয়েছিলেন লিটন। তবে দলীয় ৫০ রান হওয়ার আগে ডানহাতি এই ব্যাটারকেও সাজঘরে ফিরতে হয়।
তাবরাইজ শামসির বলে লিগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছেন ৩৬ বলে ২৪ রান করা লিটন। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের।
শেষ দিকে বাংলাদেশের রান বাড়ানোর দায়িত্ব নিয়েছিলেন শেখ মেহেদি হাসান। ডানহাতি এই ব্যাটার ২৫ বলে ২৭ রান করলেও দলের রান একশ পেরোয়নি। নরকিয়া দুই বলে দুই উইকেট তুলে নিয়ে মাত্র ৮৪ রানে অল আউট হয় বাংলাদেশ।
প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকিয়া।
জবাবে দিতে নেমে ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও টেম্বা বাভুমার ব্যাটে চড়ে মাত্র ১৩ ওভার তিন বলেই সহজ লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের এই জয়ে অজিদের টপকে সেমিতে যায়গা করে নেয়ার পথেও অনেকটা এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।
এদিন দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক। টাইগার পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ২টি ও দুই স্পিনার মাহেদী হাসান ও নাসুম আহমেদ তুলে নেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ – ৮৪/১০ (ওভার ১৮.২) (লিটন ২৪, নাইম ৯, মেহেদি ২৭; নরকিয়া ৩/৮, রাবাদা ২/২০)
দক্ষিণ আফ্রিকা- ৮৬/৪ (ওভার ১৩.৩) (হেনড্রিকস ৪, ডি কক ১৫, বাভুমা ৩১*, ডুসেন ২২, তাসকিন ২/১৮, মেহেদি ১/১৯)
এস এস/