খেলাধূলা : নিজের ঘরের মাঠেও বাংলাদেশের ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতা দেখল দেশের ক্রিকেট প্রেমীরা। তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির দ্বিতীয়টিতে অনেকটা হেসে খেলেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।
সেই সাথে বাংলাদেশ খোয়াল সিরিজও। বাজে খেলে ২০২১ সালে প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।
শনিবার (২০ নভেম্বর) বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে বাবর আজম বাহিনী। এদিন ফিল্ডিংয়ে বাংলাদেশ দেখিয়েছে চির দৈনতা। দুটি সহজ ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১০৯ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে লক্ষ্য অতিক্রম করেছে পাকিস্তান।
সফরকারী দলের হয়ে ফখর জামান ৫৭ ও মোহাম্মদ রিজওয়ান ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রানে শেষ হয় মাহমুদউল্লাহ বাহিনীর ইনিংস। টাইগারদের হারানো ৭ উইকেটের ছয়টিই ছিল ক্যাচ আউট।
যার মধ্যে তিনটি তালুবন্দি করেছেন পাক উইকেটকিপার রিজওয়ান। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, বাবর আজমদের ক্যাচ প্রাকটিচ করাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটাররা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলে শাহিন আফ্রিদির ডেলিভারিতে শূন্য রানে এলবিডব্লিউ হন সাইফ হাসান। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১ রান করা সাইফ এবার গোল্ডেন ডাক হন।
দ্বিতীয় ওভারে পেসার ওয়াসিমকে আক্রমণে আনেন অধিনায়ক বাবর আজম। তার দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ তুলে বেঁচে যান নাঈম। বল ফিল্ডারের সামনে পড়ে। কিন্তু ওভারের শেষ বলে একইভাবে খেলতে গিয়ে স্লিপে ফখর জামানকে ক্যাচ দেন নাঈম। ৮ বলে ২ রান করে ফেরেন তিনি।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দুরন্ত ব্যাটিং করে যাচ্ছিলেন আফিফ হোসেন। তবে ব্যক্তিগত স্কোরটা টেনে বড় করতে পারলেন না তরুণ এ অলরাউন্ডার।
২০ রান করে শাদাব খানের বলে উইকেটের পিছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে কাচ তুলে দিয়ে ফেরেন তিনি। পরে মাহমুদউল্লাহ রিয়াদকে বিদায় করে দিয়েছেন হারিস রউফ। টাইগার ক্যাপ্টেনের ব্যাট থেকে আসে ১২ রান।
দাপুটে ব্যাটিং করে যাচ্ছিলেন নাজমুল হাসান শান্ত। তবে ফিফটি ছুঁতে পারেননি এ টপ অর্ডার ব্যাটসম্যান। ৪০ রানে তাকে ফিরিয়ে দিয়েছেন শাদাব খান। তিন রান করে ফিরেছেন মেহেদী হাসান। শেষদিকে আমিনুল-তাসকিন মিলে শেষ বল পর্যন্ত খেলে ১০৮ রানে থামে বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি এবং সাদাব খান। এছাড়া একটি করে উইকেট নেন দুজন বোলার।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ-২০ ওভারে ১০৮/৭ (নাজমুল হোসেন শান্ত ৪০, আফিফ হোসেন ২০, মাহমুদউল্লাহ রিয়াদ ১২; শাহিন আফ্রিদি ২/১৫, শাদাব খান ২/২২)।
পাকিস্তান: ১৮.১ ওভারে ১০৯/২ রান (ফখর জামান ৫৭*,মোহাম্মদ রিজওয়ান ৩৯, হায়দার আলী ৬*, বাবর আজম ১)। ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
এস এস/