খেলা : আসন্ন পাকিস্তান সিরিজ উপলক্ষে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন দুই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস ও মুশফিকুর রহিম।
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা রুবেল হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গা হয়নি। সৌম্য ও লিটনকে অফফর্মের জন্য রাখা হয়নি। মুশফিক কে বিশ্রামে রাখা হয়েছে।
এই প্রথম টি-টোয়েন্টি দলে সাইফ হাসান। তাছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী ডাক পেয়েছেন। তার সঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন ইয়াসির আলী রাব্বি ও শহীদুল ইসলাম।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে বিসিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৬ জনের দল ঘোষণা করেছে নির্বাচক প্যানেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা নাইম শেখ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রব, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসানরা অনুমিতভাবেই এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বোলিং ইউনিটে থাকা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদরাও থাকছেন পাকিস্তান বধের মিশনে।
ইনজুরির কারণে এই সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের। পুনর্বাসনের কারণে খেলা হচ্ছে না লম্বা সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকা তামিম ইকবালেরও।
বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পরও নেতৃত্বে টিকে গেছেন মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার কাছে লজ্জাকর হারের পর অধিনায়কত্ব ছাড়ার প্রশ্নে তিনি বলেছিলেন, ‘না আমি সরে দাঁড়ানোর চিন্তা করছি না। এটা তো আমার হাতে নেই। এই সিদ্ধান্ত নিবে বোর্ড।’
১৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি। ইতোমধ্যেই শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান।
এক নজড়ে বাংলাদেশ দল : মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী।
এস এস/