ফাইনালের আগে রীতিমতো হুংকারই দিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সান্টনার। ভারতের হৃদয় ভেঙে জিততে চেয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। কিন্তু সেই আশায় গুড়ে বালি। উল্টো নিউজিল্যান্ডকে নাচিয়ে শিরোপা জিতেছে দুর্দমনীয় ভারত।
আজ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত করে ৫ উইকেটে ২৫৫ রান। যা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ স্কোর। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৯ ওভারে ১৫৯ রানে। ৯৬ রানের জয়ে শিরোপায় চুমু খায় স্যামসন-কিশানরা।
টি টোয়েন্টি বিশ্বকাপে দুটি করে শিরোপা জেতার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও ইংল্যান্ডের। নিউজিল্যান্ডকে হারিয়ে সবার উপরে এখন সূর্যকুমার যাদবের ভারত (তিনটি)। ২০০৭ প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় শিরোপার জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ১৭ বছর। ২০২৪ সালে (গত আসর) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে রোহিত শর্মারা। এবার আসলো তৃতীয় ট্রফি। প্রথম দল হিসেবে ভারত জিতল টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই শিরোপা।
অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য আরেকটি ফাইনালের দুঃস্বপ্ন। ২০২১ সালে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। কিন্তু হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এবার সেই একই পরিণতি ঘটল ভারতের কাছে হেরে।
ফাইনালে ২৫৬ রানের টার্গেট খুবই কঠিন। ভারতের মাটিতে তো আরও অসম্ভব। সেই কাজটি তারা করে দেখাতে পারেনি সান্টনার শিবির। ১৯ ওভারে দলটি গুটিয়ে যায় ১৫৯ রানে। সর্বোচ্চ ২৬ বলে দুই চার ও ৫ ছক্কায় ৫২ রান করেন ওপেনার টিম সেইফার্ট। ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও চ্যাপম্যান ছুতে পারেননি দুই অঙ্কের রান। মিচেল সান্টনার লড়েছেন। ৩৫ বলে ৪৩ রান করে তিনি বিদায় নিলে আর কেউ পারেনি দাঁড়াতে। ৪ ওভারে ১৫ রানে সর্বোচ্চ চার উইকেট নেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। অক্ষর প্যাটেল নেন তিনটি।
আগে ব্যাট করতে নামা ভারত ছিল রীতিমতো বিধ্বংসী। প্রথম তিন ব্যাটারের মারমুখী ব্যাটিংয়ে রানের চূড়ায় পৌঁছায় দলটি। ওপেনার সঞ্জু স্যামসন তো টানা তিন ম্যাচে করেন ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের বাঁচা মরার ম্যাচে খেলেছিলেন ৯৭ রানের অপরাজিত ইনিংস। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯। আর ফাইনালে খেললেন ৪৬ বলে ৮৯ রানের ইনিংস। পাঁচ চারের পাশাপাশি তিনি হাকান ৮ ছক্কা।
অভিষেক শর্মাও তুলে নেন ফিফটি মাত্র ১৮ বলে। ২১ বলে ছয় চার ও তিন ছক্কায় ৫২ রান করেন তিনি। ইশান কিষান ২৫ বলে সমান চারটি চার-ছক্কায় করেন ৫৪ রান। অধিনায়ক সূর্যকুমার যাদব গোল্ডেন ডাকের স্বাদ পেলেও শিভাম দুবে মাত্র ৮ বলে খেলেন ২৬ রানের অপরাজিত ক্যামিও ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন জিমি নিশাম।
এসএস/এমএফ