সৌদি আরবে নির্যাতিত হুসনা আক্তার উদ্ধার


২৬ নভেম্বর, ২০১৯ ২:১০ : পূর্বাহ্ণ

সৌদি আরবে নির্যাতনের শিকার সুমি আক্তারের পর হুসনা আক্তার নামে আরেক বাংলাদেশি কর্মীকে তার কর্মস্থল থেকে উদ্ধার করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হস্তক্ষেপে হুসনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জেদ্দা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নাজরান পুলিশ হুসনা আক্তারকে উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্রুত হস্তক্ষেপে হুসনা আক্তারকে উদ্ধার করা হয়।

কর্মস্থলে নির্যাতনের শিকার হুসনা আক্তার রোববার (২৪ নভেম্বর) দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা পাঠান। তার পাঠানো ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওবার্তায় হুসনা আক্তার বলেন, ‘আমি আর পারতাছি না। তোমরা যেভাবে পারো আমারে তোমরা বাঁচাও। এরা আমারে বাংলাদেশ পাঠাইতো চায় না। এরা আমারে ইতা করতাছে। অনেক অত্যাচার করতাছে। আমারে ভালা কামের কথা কইয়া পাঠাইছে দালালে। আমারে ইতা করতাছে ওরা। আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও।

এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। এর আগে সৌদিতে নির্যাতনের শিকার সুমি আক্তারও একইভাবে তাকে নির্যাতনের কথা জানিয়ে ভিডিওবার্তা দিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।

0Shares

আরো সংবাদ