বুরুন্ডিতে জেলে অগ্নিকান্ড : নিহত ৩৮ বন্দি!


৯ ডিসেম্বর, ২০২১ ৪:৪৭ : অপরাহ্ণ
বুরুন্ডি, জেলে, অগ্নিকান্ড,বন্দি

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির বুরুন্ডির একটি কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮ জন বন্দি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই নিয়ে ওই কারাগারে চলতি বছরে দ্বিতীয়বার আগুন লাগলো।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বুরুন্ডির গিটেগায় সেন্ট্রাল জেলে আগুন লাগে। এই জেলে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী ছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে একজন বন্দী জানিয়েছেন, আগুন লাগার পরেও রক্ষীরা সেল খোলার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল।

তিনি বলেন, ‘আমরা যখন আগুন দেখি, তখনই চিৎকার করে সেল খুলতে বলি। আমরা বলি, সেল না খুললে আমরা জীবন্ত দগ্ধ হয়ে মারা যাব। কিন্তু রক্ষীরা তাও সেলের দরজা খুলতে রাজি হয়নি।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই জেলখানার কয়েদিরা ঘুমন্ত অবস্থায় ছিল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ভোর ৪টায় এ আগুন লাগে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, পুরোনো এ কারাগারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছাতে সক্ষম হয়নি।

ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি আসে আগুন লাগার দুই ঘণ্টা পরে। সে কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুরুন্ডির রাজনৈতিক রাজধানী গিটেগারের কারাগারে যখন আগুন লাগে তখনও অনেক বন্দি ঘুমিয়ে ছিলেন। কেউ কেউ ছাদ দিয়ে নেমে জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন।

ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের অনেক কিছুই পুড়ে গেছে এবং আকাশের দিকে ক্রমাগত ধোঁয়া উড়ছে।

এস এস/

0Shares

আরো সংবাদ