ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি অভিযোগ করেছেন, গত দুই দশকে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্ররা মুসলিম দেশে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহের বার্ষিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এই শহীদ স্মরণ অনুষ্ঠান ইয়েমেনে প্রতি বছর এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। আল-হুথি বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদ এবং শাহাদাতের চেতনায় এগিয়ে যায়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। তার মতে, শাহাদাত মানুষকে ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর।
তিনি আরও বলেন, ইসলামী উম্মাহর ইতিহাসে প্রাচীন যুগ থেকে শুরু করে উপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বহু বিপর্যয় ঘটেছে। তিনি উল্লেখ করেন, আমেরিকানরা স্বীকার করেছে যে, গত দুই দশকে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশ মুসলিম। এই হত্যাকাণ্ড সেই সময়ে চালানো হয়েছে যখন মুসলিম জনগণ দুর্বল অবস্থায় ছিল।
আল-হুথি গাজার পরিস্থিতি তুলে ধরে বলেন, ইসরাইল মানুষকে ক্ষুধার্ত রেখে এবং অস্ত্রের মুখে জিম্মি করে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করেছে, তবে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশ্য নিয়ে বলেন, তারা মুসলিম জাতিগুলোকে মানসিকভাবে বিভ্রান্ত করে দাসে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং নিজেদের স্বার্থে অন্য দেশ দখল করছে। আল-হুথি অভিযোগ করেন, এই শক্তিগুলোর মধ্যে কোনো দয়া নেই, এবং নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না।
এসএস/এমএফ