কানাডায় পলাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া ঋণপত্র দেখিয়ে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং থেকে ভুয়া ঋণের মাধ্যমে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদক সচিব ডক্টর মু. আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন।
রোববার বিকালে দুদক কার্যালয়ে ডক্টর আনোয়ার বলেন, ইন্টারন্যাশনাল লিজিংয়ের অর্থ আত্মসাতে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় জড়িত মোট অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। এসব মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৮ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এদিকে পি কে হালদারের দুই সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই ও ওকায়ামা ইন্টারন্যাশনালের পরিচালক শুভ্রা রানী ঘোষকে রোববার রিমান্ডে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
এদিন বেলা সাড়ে ১১টায় দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে সংস্থাটির একটি দল জিজ্ঞাসাবাদ শুরু করে। বিকাল ৫টায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের রমনা মডেল থানায় পাঠানো হয়।
এর আগে গত ২২ মার্চ শুভ্রা রানী ঘোষকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। আর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইকে গ্রেপ্তার করা হয় গত ১৬ মার্চ।
এসএস