আয় বহির্ভূত সম্পদ—বন্দর কর্মকর্তার স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড


১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:২৬ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক মাস্টার অপারেটর জসিম উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমকে ৫ বছরের কারাদণ্ড, ৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। এ সময় কোহিনূর বেগম কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিপি মাহমুদুল হক। তিনি বলেন, পৃথক দুইটি ধারায় কোহিনুর বেগমকে আদালত এ সাজা দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় ৯ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১০ জুলাই কোহিনূর বেগমের বিরুদ্ধে দুদক চট্টগ্রাম কার্যালয় মামলাটি করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করেছেন।

জানা গেছে, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি কোহিনূর বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের তদন্ত কর্মকর্তা। একই বছরের ১০ সেপ্টেম্বর উক্ত চার্জশিট আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এসএস

0Shares

আরো সংবাদ